আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানা ও পার্টি নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী জানান, পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও হুমকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে দলটি রুমিন ফারহানার প্রতি সমর্থন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে যাওয়ায় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নির্দেশ দিয়েছেন, দলের সব নেতা-কর্মী রুমিন ফারহানার পক্ষে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, জাতীয় পার্টি দলগতভাবে ‘হাঁস’ প্রতীকের প্রতি সমর্থন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তবে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেই। তিনি বলেন, “প্রথমে আমাকে নির্বাচন করতে হবে, জয়ী হতে হবে। এরপর এসব সিদ্ধান্ত নেওয়া হবে।”
রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, তার নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। রাতে ফোনে হুমকি দেওয়া হচ্ছে এবং অনেককে ‘হাঁস’ প্রতীকের পক্ষে কাজ করতে চাপ দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, বিশেষ করে বিএনপি সমর্থিত জোট প্রার্থী কয়েক কোটি টাকার বাজেট নিয়ে মাঠে নেমেছেন এবং নির্বাচনের শেষ দুই দিনে এসব অর্থ বিতরণ করা হতে পারে।
উল্লেখ্য, এর আগে গ্রেপ্তারের হুমকি পাওয়ার কারণে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ আসনে রুমিন ফারহানার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, যার প্রতীক ‘খেঁজুর গাছ’।

