ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা জাতীয় পার্টি।
সোমবার দুপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসনটিতে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় দলীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। উল্লেখ্য, ঋণখেলাপির দায়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ কুদ্দুস খানের মনোনয়ন বাতিল হওয়ায় দলটির কোনো প্রার্থী নেই।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বলেন, প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় ইসরাত সুলতানাকে সমর্থন দেওয়া হয়েছে।
অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী হাফিজুর রহমান দাবি করেন, জাতীয় পার্টির সমর্থন ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না।

