নীলফামারীর ডোমার উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহার উদ্দীন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্নার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্তদের মানবেতর জীবনযাপন দেখে তিনি মর্মাহত হয়েছেন।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে হাড়ি, পাতিল, প্লেট, গ্লাস, বালতি ও নগদ অর্থসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। একই সঙ্গে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪টি পরিবারের আনুমানিক ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

