আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার ৪ কসবা-আখাউড়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী দাঁড়িপাল্লার সমর্থনে সোমবার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় আখাউড়া পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক ঘুরে রেলওয়ে স্টেশন চত্বরে শেষ হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে শতশত নেতাকর্মী ও সমর্থক মিছিলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন এবং মিছিলটি জনস্রোতে পরিণত হয়।
রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ বোরখান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ আতাউর রহমান সরকার।
প্রার্থী আতাউর রহমান সরকার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। এ নির্বাচন হবে দেশ বাঁচানোর, মানুষের মুক্তি ও মানবিক রাষ্ট্র গঠনের নির্বাচন। তিনি জনগণকে আহ্বান জানান, একবারের জন্য জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিন, আমরা খাদেম হয়ে সেবা প্রদান করব।
তিনি অভিযোগ করেন, বিগত ৫৪ বছরে দায়িত্ব পালনকারী শাসকরা দেশের শাসনব্যবস্থা ও সামাজিক অবস্থাকে ভেঙে দিয়েছে এবং জনগণের উন্নতি হয়নি। তাই মানুষ এবার পরিবর্তন চায়।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোবারক হোসেন, জেলা নেতা মোঃ সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা আমীর মোঃ ইকবাল হোসেন, জেলা এনসিপি নেতা এমএ মামুন শরীফ বাতেন, সাবেক উপজেলা শিবির সভাপতি শেখ ছাদেকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল হিমেল ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

