ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের স্থগিত থাকা মনোনয়নপত্র আপীল শুনানিতে বৈধতা পেয়েছে।
এর আগে ২ জানুয়ারি, শুক্রবার, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩০০ টাকার স্ট্যাম্পে প্রার্থীর অঙ্গীকারনামা না থাকা এবং হলফনামার প্রতি পৃষ্ঠায় স্বাক্ষর না থাকার কারণে জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র ও ত্রুটি সংশোধন করার পর নির্বাচন কমিশনে দাখিল করা হলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বরিশাল-৬ সংসদীয় আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। তারা হলেন, বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, জামায়াতে ইসলামী প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম, গণ অধিকার পরিষদ (জিওপি) প্রার্থী মোঃ সালাউদ্দিন মিয়া, বাংলাদেশ মুসলিম লীগের আঃ কুদ্দুস, স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল ইসলাম।
জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়ন বৈধ হওয়ায় তাদের কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

