ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১ মার্চ) বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেট থেকে মিছিলটি শুরু হবে। জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা এতে অংশ নেবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় খামেনি ও অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানাতে আজ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

