জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে ভর্তি কার্যক্রম যথারীতি চলবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে ক্লাস ও অফিস যথারীতি শুরু হবে। তবে পূর্বনির্ধারিত চূড়ান্ত পরীক্ষাগুলো স্থগিত থাকবে।
নির্বাচনকেন্দ্রিক টানা চার দিন কার্যক্রম চলার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে টানা তিন দিন ধরে চলছে ভোট গণনা। আজ শনিবার সন্ধ্যার মধ্যে ফল ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম অবশ্য বন্ধের বাইরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট অফিস খোলা থাকবে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ভর্তির কাজে উপস্থিত থাকবেন।

