জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা তাদের ছাত্র সংগঠনের নাম পরিবর্তন করেছে। ১৯৮০ সাল থেকে ‘জাগপা ছাত্রলীগ’ নামে পরিচিত সংগঠনটি এখন থেকে ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
আজ (৩ মার্চ) সকালে জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি আব্দুর রহমান ফারুকী এই সিদ্ধান্ত জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।
সভায় সভাপতির বক্তব্যে বলা হয়, ১৯৮০ সালে প্রতিষ্ঠার পর জাগপা ছাত্রলীগ দেশের গণতন্ত্র ও গণ-অভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে ‘ছাত্রলীগ’ শব্দটি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাই জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে সংগঠনটি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, পূর্বে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ রূপান্তরিত হয়েছিল। ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে নিষিদ্ধ হলেও নেতৃবৃন্দ ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম চালিয়ে যান এবং ১৯৮০ সালে এটি ‘জাগপা ছাত্রলীগ’ হিসেবে নামকরণ করা হয়।

