ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার (৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর কথা রয়েছে। সৌদি আরব সফর শেষ করে তিনি এই সফরে যাচ্ছেন, যার মূল লক্ষ্য উপসাগরীয় দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক ‘বন্ধুত্ব ও সংহতি’ প্রকাশ করা।
দোহায় অবস্থিত ইতালির দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটিই জি-৭ ও জি-২০ সদস্যভুক্ত কোনো দেশের শীর্ষ নেতার প্রথম কাতার সফর।
দূতাবাসের ভাষ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে কাতারের ওপর চালানো হামলার প্রেক্ষাপটে ইতালির অবস্থান পুনর্ব্যক্ত করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য। এর আগে প্রধানমন্ত্রী মেলোনি এসব হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।
সফরকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ছাড়াও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর চলমান যুদ্ধের প্রভাব এবং কাতারের সঙ্গে ইতালির ভবিষ্যৎ জ্বালানি সহযোগিতা কীভাবে আরও শক্তিশালী করা যায়—সে বিষয়গুলো গুরুত্ব পাবে।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে ইতালির কূটনৈতিক উপস্থিতি আরও সক্রিয় হবে এবং কাতারের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পাবে।

