সংবিধান সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন নাহিদ ইসলাম।
শনিবার (৪ এপ্রিল) ওমরাহ শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক ঐক্য না থাকলে সরকারের স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তরের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশের বিষয়ে অনীহা দেখাচ্ছে। এসব আইন বাতিল হলে কেউ দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ১১ দলের চলমান বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূস-এর প্রতি এসব বিষয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানান।

