এক মাস সিয়াম সাধনার পর ঈদের সকাল আসে আনন্দ ও উৎসবের আবহ নিয়ে। আর বাঙালির ঈদ মানেই নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন।
তবে দীর্ঘ এক মাস রোজা রাখার পর হঠাৎ করে অতিরিক্ত ভারী খাবার খেলে অনেকেরই পেটে গ্যাস, বদহজম বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ঈদের দিন খাবারের ক্ষেত্রে কিছুটা সংযম ও সচেতনতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঈদের সকালে খুব বেশি ভারী খাবার না খেয়ে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। দুধ দিয়ে তৈরি খাবার যেমন সেমাই, ফিরনি বা পায়েশ সকালের নাস্তায় ভালো বিকল্প হতে পারে। এতে শরীর প্রোটিন ও ক্যালসিয়াম পায়, আবার মিষ্টির স্বাদও উপভোগ করা যায়। তবে ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান যারা, তারা কম চিনি বা বিকল্প উপায়ে এসব খাবার তৈরি করতে পারেন।
যারা ঝাল খাবার পছন্দ করেন তারা সবজি দিয়ে নরম খিচুড়ি বা কম তেলে ভাজা পরোটা খেতে পারেন। তবে সকালের খাবারে মাংসের ভারী পদ এড়িয়ে চলাই ভালো।
ঈদের দুপুরে সাধারণত পোলাও, বিরিয়ানি বা রোস্টের মতো ভারী খাবার পরিবেশন করা হয়। এসব খাবার খাওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। যাদের পেটের সমস্যা, যেমন আইবিএস বা কোষ্ঠকাঠিন্য আছে, তাদের অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। খাবারের সঙ্গে সালাদ ও টকদই রাখলে তা হজমে সহায়তা করে এবং শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণে সাহায্য করে।
রাতের খাবার তুলনামূলক হালকা রাখাই ভালো। মাংসের বদলে মাছের চপ, কাটলেট বা গ্রিলড ফিশ রাখা যেতে পারে। এছাড়া কম তেল-মশলায় রান্না করা সবজি বা হালকা পোলাওও ভালো বিকল্প হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সারাদিনে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই খাবারের পর সোডা বা সফট ড্রিংকস পান করেন, যা হজমে তেমন সহায়ক নয়। এর পরিবর্তে বোরহানি, মাঠা বা লেবুর শরবত পান করলে হজম ভালো থাকে এবং শরীর সতেজ থাকে।
তারা আরও বলেন, ঈদের আনন্দ শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়, সুস্থ থাকাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনির সমস্যায় ভুগছেন, তাদের খাবারের পরিমাণ ও ধরনে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। দাওয়াত থাকলে বাড়ির খাবার হালকা রাখা এবং সারাদিন অল্প অল্প করে বারবার খাওয়ার অভ্যাস করলে স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

