মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এখন চরম আকার ধারণ করেছে।
সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সাংবাদিকদের ফেলে প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল।
জানা গেছে, উত্তর ইসরায়েল সফরে থাকা প্রেসিডেন্ট হারজগ যখন সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই ওই এলাকায় ইরানের একটি শক্তিশালী মিসাইল আঘাত হানে। বিকট শব্দে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত গণমাধ্যমকর্মীদের ফেলে রেখে দৌড় শুরু করেন হারজগ। তার দেহরক্ষীরা দ্রুত তাকে জাপটে ধরে নিকটস্থ বাঙ্কারে নিয়ে যান। প্রেসিডেন্টের এমন পলায়নপর দশা দেখে উপস্থিত সাংবাদিকদের মাঝেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, খোদ রাষ্ট্রপ্রধানের এই অবস্থা ইসরায়েলের তথাকথিত অভেদ্য নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার রূপটিই উন্মোচিত করেছে। আল জাজিরার তথ্যমতে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ ইরানের নতুন প্রজন্মের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তেহরানের নিখুঁত নিশানায় এখন কার্যত দিশাহারা হয়ে পড়েছে তেল আবিব। কিরিয়াত শমোনা শহরে গতকালের এই ঘটনাটি ইসরায়েলি বাহিনীর মনোবল নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

