লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার (৬ মার্চ) ভোরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
হামলার আগে দক্ষিণ বৈরুত থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ, যা শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, সোমবার থেকে সর্বশেষ হামলার আগ পর্যন্ত দেশটিতে ইসরায়েলি বিমান হামলায় ১২০ জনেরও বেশি নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছে। এছাড়াও কমপক্ষে ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আইডিএফের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বিমান হামলা চালানো হয়েছে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে।
হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং কয়েকটি এলাকা খালি করতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে।

