যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব এবার ইরানের শিক্ষা খাতেও পড়েছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ইরানে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিমাই সাররাফ অভিযোগ করেন, সামরিক স্থাপনার বদলে শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তার ভাষায়, এতে লাখো শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে, তেহরানের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়-এর কয়েকটি ভবন সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম ও রেড ক্রিসেন্ট জানিয়েছে।
তেহরান অভিযোগ করেছে, এসব হামলার উদ্দেশ্য তাদের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক কাঠামো দুর্বল করা। তবে ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা চালায় না।
পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।

