আজ বাংলাদেশে গৌরবোজ্জ্বল দিন। কেননা দেশে যখন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের কারণে ছাত্রসমাজের চরিত্রহনন করা হয়েছিল, ঠিক সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইসলামী ছাত্রশিবির গঠন করা হয়েছিল। প্রতিষ্ঠাকালীন সময়ে ইসলামী ছাত্রশিবিরে মাত্র কয়েকজন ছাত্র থাকলেও আজ ইসলামী ছাত্রশিবিরের ছায়াতলে হাজার হাজার নয়, লাখ লাখ ছাত্র রয়েছে। ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও ছাত্রসমাজের কল্যাণে কাজ করে আসছে।
৯০-এর গণঅভ্যুত্থান, ৯৬-এর অসহযোগ আন্দোলন, ০১-এর আধিপত্যবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা ছিল সর্বোচ্চ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট ও নির্বাচনে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে ইসলামী ছাত্রশিবির।
ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির সোপানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বর্ণাঢ্য র্যালিতে ‘গণভোটে হ্যাঁ বলুন’, ‘দেশের জন্য দিতে প্রাণ, ছাত্রশিবির অফুরান’, ‘বাংলাদেশ প্রান্তজুড়ে শিবির জ্ঞানের চর্চা করে’, ‘সৎ ও মেধাবী যে পথে—আগামীর বাংলাদেশ সে পথে’, ‘দেশকে ভালো রাখতে হলে সৎ পথে চলতে হবে’ এবং ‘সৎ ও মেধাবী গড়বে দেশের আগামী’—এমন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন নেতাকর্মীরা।
ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর শাখার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সরকার, দপ্তর সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সংগঠনটি ৬ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মীর কাশেম আলীর হাত ধরে অল্পসংখ্যক ছাত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত দেশের স্বার্থে ২৩৪ জন ছাত্রশিবিরের কর্মী শাহাদত বরণ করেছেন। আজ ইসলামী ছাত্রশিবিরের ছায়াতলে হাজার হাজার নয়, লাখ লাখ ছাত্র সংগঠিত রয়েছে।
বক্তারা বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি এবং ‘না’ মানে গোলামি। তাই আগামী জাতীয় নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবে।

