মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার বাহিনীটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।’
এদিকে একই দিনে ইসরায়েলের দিকে ছোড়া দুটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ। ক্ষেপণাস্ত্র দুটি দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।
এর পাশাপাশি মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ওই সময় লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয় এবং সেটিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।
হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দক্ষিণাঞ্চলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা কফার ইউভাল বসতির উত্তরের একটি এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। সীমান্তবর্তী একটি শহরে থাকা সেনাদের ওপর কামান থেকেও গোলাবর্ষণ করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

