ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, তেহরান এমন কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না যা প্রতিপক্ষকে পুনরায় সংগঠিত হয়ে নতুন করে হামলার সুযোগ করে দেয়। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য বৈঠকের আগে তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের ১০ দফা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তার ভাষায়, ইরান কূটনীতি ও সংলাপকে সমর্থন করে, তবে তা অবশ্যই বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে হতে হবে।
রাভানচি আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য বা প্রতারণামূলক উদ্দেশ্যে কোনো আলোচনা হলে তাতে ইরানের অংশগ্রহণ সম্ভব নয়। এমন উদ্যোগ শেষ পর্যন্ত নতুন সামরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি বিষয়ে মিত্র দেশগুলোর কাছে ইরানের অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং যথাযথ নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া আগের পরিস্থিতিতে ফেরা গ্রহণযোগ্য নয়।
সবশেষে জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে প্রস্তুতি চলছে এবং প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে।

