ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনী প্রধানের সদরদপ্তরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আইআরজিসির বিবৃতির বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের মূল সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।” এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইআরজিসি।
বিপ্লবী গার্ড বাহিনী আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের প্রাণকেন্দ্রে এই আঘাত হানার মূল উদ্দেশ্য ছিল তাদের সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেওয়া। তবে এই হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বা বিমানবাহিনীর সদরদপ্তরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সরাসরি সংঘাত পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। বিশেষ করে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের মতো বিধ্বংসী অস্ত্রের ব্যবহার এই উত্তজনাকেও ছাপিয়ে এক নতুন সামরিক সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

