ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতরা এক দম্পতি বলে জানিয়েছে আলজাজিরা।
জর্ডানের আম্মান থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়েছে, লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে।
সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে থাকে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি, তবে পূর্বের হামলায় তেল আবিব ও আশপাশের শহর বনি ব্রাক ও রামাত গানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
ইসরায়েলি গণমাধ্যমকে এক ব্যক্তি জানান, হামলায় তাদের বসার ঘরের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। তিনি বলেন, এটি সরাসরি আঘাত ছিল এবং নিরাপদ কক্ষে যাওয়ার সময় পাননি। এছাড়া শ্যারন এলাকা ও বনি ব্রাকে আহতের খবর পাওয়া গেছে।
তেল আবিবের একটি কেন্দ্রীয় রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সারা দেশে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সময়ে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ প্রতিদিন প্রায় শতাধিক রকেট ছুঁড়ছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হচ্ছে। এসব হামলা অনেক ক্ষেত্রে সমন্বিতভাবে পরিচালিত হওয়ায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।

