যুদ্ধের শুরুর দিনগুলোতে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ থাড (Terminal High Altitude Area Defense) রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। স্যাটেলাইট ছবি এবং মার্কিন কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ ও সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের উপপরিচালক রায়ান ব্রবস্ট বলেছেন, “থাড রাডারের ওপর ইরানের এই হামলা এখন পর্যন্ত সবচেয়ে সফল হামলাগুলোর মধ্যে একটি।” তবে তিনি যুক্তি দিয়েছেন যে, মার্কিন সামরিক বাহিনীর আরও রাডার রয়েছে যা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কভারেজ বজায় রাখতে সক্ষম।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ২৮ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দুটি হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলা প্রতিহত করা হলেও পরে রাডার ধ্বংসের খবর নিশ্চিত হয়। থাড রাডার অচল হওয়ায় এখন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় প্যাট্রিয়ট সিস্টেমের ওপর নির্ভর করতে হবে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, গত হামলায় যুক্তরাষ্ট্র প্রায় ২ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন কিছু মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে।

