ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কেন্দ্রিক সাম্প্রতিক ইস্যুর কারণে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সব সময় উদার বাণিজ্যে বিশ্বাসী। আমরা বিশ্বের সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ ও উদার বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাজার বা বাণিজ্য বাধাগ্রস্ত না হচ্ছে, ততক্ষণ নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক কোনো কঠোর সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি না।”
তিনি আরও জানান, ভারতের সঙ্গে বর্তমানে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। তবে ভারতের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন ট্রেড মেজার বা বাণিজ্যিক পদক্ষেপের কোনো প্রভাব পড়ছে কি না, সরকার তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে সরকার তৎপর রয়েছে। শেখ বশিরউদ্দিন জানান, বাজার পরিস্থিতির সার্বিক পর্যালোচনার জন্য আগামী ১৯ জানুয়ারি সংশ্লিষ্ট অংশীজনদের (Stakeholders) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, দেশের ব্যবসা-বাণিজ্য আরও সহজতর করতে আমদানি নীতি আদেশে সংশোধনী আনা হচ্ছে। বিভিন্ন শর্ত শিথিল করে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ চলছে। সংশোধিত এই খসড়া আমদানি নীতি খুব দ্রুতই অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

