বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদার নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। সংখ্যালঘুসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও জাতীয় গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন তদন্তে নামে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সরকারি কমিশনার আব্দুল্লাহ হেল মাফী-এর স্বাক্ষরিত আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন—উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দীনেশ সরকার জানান, একজন ইউপি সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার কোনো বিধান নেই। এ ধরনের পরিচয় প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান, তদন্ত কমিটির চিঠি পাওয়া গেছে এবং দ্রুত সুষ্ঠু তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্ত কমিটির সদস্য মহেশ্বর মন্ডল বলেন, অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করে নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, অভিযুক্ত ইউপি সদস্যের একটি অডিও কল রেকর্ড সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

