আবু জাফর বিশ্বাস, বরিশাল প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সিকদার হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।
এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমান অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন। নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সকলকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

