পারভেজ হাসান,
আজকের পদক্ষেপ, আগামী র ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬।
বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে রবিবার (০৮ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিডিয়া চত্ত্বর থেকে শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কবি হেয়াত মামুদ ভবনের সামনে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নারীর ক্ষমতায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সচেতনতা সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
র্যালিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে ‘সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বোর্ড’ স্থাপন করা হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নারীর অধিকার, সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে নিজেদের মতামত ও অঙ্গীকার ব্যক্ত করেন।

