শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় নড়িয়া পৌরসভা প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সুইজ এম্বাসি, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে নাগরিকতা প্রোগ্রামের অধীনে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) বাস্তবায়িত ‘গাইডেন্স’ প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নড়িয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে নড়িয়া পৌরসভার অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, নড়িয়া উপজেলার ডিজেবল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সিএসও) নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, কেদারপুর মহিলা উন্নয়ন সমিতির (সিএসও) সম্পাদক আনোয়ারা খাতুন, হালইসার সমাজ কল্যাণ সমিতির (সিএসও) সদস্য মো. আশরাফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, সমাজে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

