পারভেজ হাসান, বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে শোক র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
র্যালিতে বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেন। শোক র্যালিটি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পার্কের মোড় (আবু সাঈদ চত্বর) ঘুরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেরোবির কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউট এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে সকালে ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো: শওকাত আলী। এসময় তিনি বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদী চেতনার ভিত্তি স্থাপন করেছে। ভাষা-শহিদদের আত্মত্যাগ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীনতা ও আত্মমর্যাদার সংগ্রামেও অনুপ্রেরণা জুগিয়েছে।” বাংলা একমাত্র ভাষা যার জন্য মানুষ জীবন দিয়েছে, যা আন্তর্জাতিক মর্যাদায় অনন্য বলে উল্লেখ করেন তিনি।
উপাচার্য আরও বলেন, “বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে।” মহান শহিদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমান এর শ্রদ্ধা নিবেদনকে তিনি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনার উদ্যোগকেও তিনি প্রশংসনীয় বলে অভিহিত করেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন কমিটির আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত সভায় মূল আলোচক ছিলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান। ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের কর্মকর্তা ড. মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তানজিউল ইসলাম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন-আল-রশীদ, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা, বাংলা বিভাগের প্রভাষক মনির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন।
এর আগে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালোব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে ভাষা আন্দোলনের শহিদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

