ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকায় জড়ো হয়েছেন বিপুলসংখ্যক আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিক। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার জানায়, এ পর্যন্ত ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে পৌঁছেছেন।
আগতদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপক্ষীয় দেশ ও স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষক মিলিয়ে এসেছেন ২৪০ জন। এছাড়া ৫১ জন পর্যবেক্ষক বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
সংখ্যার দিক থেকে এবারের উপস্থিতি আগের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একাদশ, দ্বাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ ও ৪ জন।
এএনএফরেল, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, আইআরআই, এনডিআই, ওআইসি ও আইসিএপিপিসহ বিভিন্ন সংস্থা থেকে প্রতিনিধিরা এসেছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ২১টি দেশ থেকেও পর্যবেক্ষকরা অংশ নিচ্ছেন।
জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অংশগ্রহণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। তাঁর মতে, পর্যবেক্ষকদের অভিজ্ঞতা ও প্রোফাইল নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান নীতিনির্ধারক ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

