ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবারও রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে বেলা পৌনে ২টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়।
অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় সড়কের এক পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা যায়।
অবস্থান চলাকালে বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে—হাদি হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে ইনকিলাব মঞ্চ শাহবাগের শহীদ হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর থেকে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। শাহবাগে এটি সংগঠনটির পুনরায় অবস্থান কর্মসূচি।

