শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে শপথ নিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে শহীদির শপথ গ্রহণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি দেশবাসীকে আহ্বান জানান, ২৪ ও ২৫ ডিসেম্বর শরীফ ওসমান হাদির বাণীকে দেয়াল-লিখন, গ্রাফিতি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য।
এর আগে, সোমবার ইনকিলাব মঞ্চ ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। জাবের বলেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারিক ট্রাইবুনাল কার্যকর করতে হবে।
তিনি আরও জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে কোনো কর্মসূচি থাকবে না। তবে তারিখের পর দেশব্যাপী লাগাতার কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

