শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীতিফামেরী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মামুন অর রশিদ নির্বাচন থেকে সরে এসে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে তার সমর্থন ঘোষণা করেছেন। মামুন অর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের নেতা এবং তিনি নির্বাচনী মাঠে মোটরসাইকেল প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বিএনপি প্রার্থীর হাতে হাত রেখে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। বিএনপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার মামুনকে দলের মধ্যে যোগদানের জন্য মিষ্টি খাইয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, “দলের এই ঐক্য নির্বাচনী লড়াইয়ে ধানের শীষকে আরও শক্তিশালী করবে এবং বিজয় নিশ্চিত করবে।” তিনি বলেন, মামুনের সমর্থন ধানের শীষের উন্নত অবস্থান আরো দৃঢ় করবে।
মামুন অর রশিদ সাংবাদিকদের বলেন, দলগত স্বার্থে ও নির্বাচনী লড়াইকে শক্তিশালী করতে তিনি বিএনপি প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মাঠে দলের পক্ষে কাজ করবেন।
অন্যদিকে, আরেক স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন সরকারের ছেলে রিয়াদ আরফান সরকার রানা ফুটবল প্রতীক নিয়ে লড়াই করছেন। তাকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এই সিদ্ধান্তকে অনেক কর্মী নেতারা নির্বাচনী মাঠে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন এবং মনে করছেন, এতে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ের পথ আরও সুগম হবে।

