মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্র ও সরকারপ্রধান। পুষ্পস্তবক অর্পণের পর তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিপরিষদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীর সন্তানদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়।

