সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের দেশব্যাপী নদী–নালা,খাল ও জলাশয় খনন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়ন এলাকার কাটাগাং খাল খনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন আরিফুল হক চৌধুরী এমপি,যিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসের রহমান, সংসদ সদস্য,মৌলভীবাজার-৩ আসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৌহিদুজ্জামান পাভেল,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার। এ সময় পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রধান প্রকৌশলী (সেচ)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য,শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন। উদ্বোধনের পরপরই প্রায় ৩.৮ কিলোমিটার দীর্ঘ কাটাগাং খালের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের ফলে কৃষি সেচব্যবস্থা উন্নত হবে এবং জলাবদ্ধতা কমবে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে,যা পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও সহায়ক হবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং আশপাশের কৃষিজমিতে সেচ সুবিধা বাড়ানোর আশা করা হচ্ছে।
এতে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এলাকার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য,একই দিনে দেশের বিভিন্ন জেলায় একযোগে নদী-নালা,খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের এই কর্মসূচি শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে,সরকারের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ,পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

