কক্সবাজার-১ থেকে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন করতে শুরু করেছে। তিনি বলেন, হয়তো ভবিষ্যতে এমন কথাও শোনা যাবে যে জামায়াত এদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, জামায়াতের আমির সম্প্রতি দাবি করেছেন, স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয়, কর্ণেল অলি দিয়েছেন। এ ধরনের বক্তব্য তিনি ‘প্রলাপ বকা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা ইতিহাস বিকৃত করবে—এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।
প্রার্থী আরও উল্লেখ করেন, জামায়াত বলছে তাদের একটি মুক্তিযোদ্ধাও রয়েছে। তারা তাদের জোটে একজন মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করেছে এবং তা দেখাচ্ছে যেন স্বাধীনতার ঘোষকও সেই মুক্তিযোদ্ধা। সালাহউদ্দিন বলেন, এই ধরনের দাবি মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনগণ কখনো মেনে নেবে না এবং প্রতিবাদ করবে।

