মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে ভবিষ্যৎ শান্তি আলোচনায় নিজেদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে উপসাগরীয় ও আঞ্চলিক দেশগুলো নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।
বিবিসির বরাতে জানা গেছে, রোববার (২৯ মার্চ) ইসলামাবাদ-এ একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মিসর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান-এর পররাষ্ট্রমন্ত্রীরা।
দুই দিনব্যাপী এই আলোচনায় মূল ফোকাস থাকবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে সংঘাত, ইসরাইল-এর সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনভিত্তিক হুথি আন্দোলন-এর সাম্প্রতিক সামরিক সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনার লক্ষ্য হলো সম্ভাব্য ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ায় এই দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি সমন্বিত মধ্যস্থতার কাঠামো তৈরি করা।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, মিসর ও তুরস্ক। নতুন এই বৈঠককে সেই কূটনৈতিক উদ্যোগেরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

