প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠককালে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের বর্তমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এবং আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ এই আলোচনায় গুরুত্ব পেয়েছে। আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

