সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি ):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (রাত সাড়ে ৮টা) উপজেলার রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রানীরবাজার সংলগ্ন ধলাই নদীর একটি অংশ থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকচালকসহ মোট ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ সময় মালিক মিয়া (৪৪) নামের এক ব্যক্তি অবৈধ বালু উত্তোলনের দায় স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়।
অভিযানের সময় কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে আইনগত সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান,অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

