নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি দোকান ও তিনটি গুদাম তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন, যার মোট মূল্য প্রায় ৪০ লাখ টাকার বেশি।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং পলিথিনগুলো মৎস্য অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

