কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় একটি মসজিদ কমিটি, যা নিয়ে এলাকায় বিতর্ক তৈরি হয়েছে।
জানা গেছে, বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়—মহল্লার কোনো বাড়িতে সাউন্ড বক্স বা মাইক বাজানো হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিকভাবে বর্জন করা হবে। এমনকি মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের কার্যক্রম থেকেও তাকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এই ঘোষণার একটি ভিডিও শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী মাইকিং করে এলাকাবাসীকে এ সিদ্ধান্ত জানানো হয়।
মসজিদের ইমাম মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী জানান, জুমার নামাজের পর আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, উচ্চ শব্দে গান-বাজনার কারণে মুসল্লিদের নামাজ ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।
তবে স্থানীয়দের একটি অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, এভাবে মাইকিং করে গান-বাজনা নিষিদ্ধ করা আইনসঙ্গত নয়। শব্দদূষণ হলে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সামাজিক বয়কটের মতো সিদ্ধান্ত গ্রহণ সঠিক নয়।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসানও বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

