বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরাকে ঘিরে প্রেম ও সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সেই আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এসব গুঞ্জনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এই অভিনেত্রী।
সম্প্রতি হর্ষ মেহতা ও ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়। তবে মালাইকা এসব বিষয়কে হালকা মেজাজেই দেখছেন বলে জানা গেছে। এমনকি ছেলে আরহান খানের সঙ্গে বসেও তিনি এসব নিয়ে হাসাহাসি করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে একটি অনুষ্ঠানের পর হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন এবং পরে সৌরভ বেদীর সঙ্গে একটি নাচের ভিডিও সেই জল্পনাকে আরও উসকে দেয়।
তবে নিজের অবস্থান স্পষ্ট করে মালাইকা বলেন, “যদি কিছু হওয়ার থাকে, সেটা স্বাভাবিকভাবেই হবে। আমি এখন যা আছে, তা নিয়েই খুশি।
তিনি আরও জানান, জীবনে এগিয়ে যাওয়ার জন্য তিনি কোনো সম্পর্কের ওপর নির্ভরশীল নন। তার ভাষায়, “আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের প্রয়োজন নেই।
দীর্ঘ দাম্পত্য জীবনের পর আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ তার জীবনে বড় পরিবর্তন আনলেও, সেই অভিজ্ঞতাকেই শক্তি হিসেবে নিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নিজের জীবন, মানসিক শান্তি এবং ব্যক্তিগত সুখকেই অগ্রাধিকার দিচ্ছেন মালাইকা অরোরা।

