শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি :
সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর নগ্ন হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতাদের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ০৩ মার্চ) ১১টায় শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।
এ দিকে সাংবাদিকের ওপর হামলার জেরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর,যুগ্ন আহবায়ক হাফিজ আল আসাদ,বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।
৩ মার্চ কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, একাত্তরের বরুণ ব্যানার্জী, এখন টিভির আহসান রাজিব, যমুনা টিভির আকরামুল ইসলাম, মানবজমিনের এসএম বিপ্লব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক আমিনূর রহমান,নাজমুল আলম মুন্না প্রমুখ।
বক্তারা বলেন, বালু খেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সোমবার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সামিউল মনিরের উপর হামলা চালায়।
বর্তমান বাংলাদেশে এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় থানায় করা মামলায় জ্ঞাত ১৪ জন আসামীর একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।


