এম এ আউয়াল আশিক:
বৈধ লাইসেন্সপ্রাপ্ত ইটভাটায় মাটি সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারের প্রধান সড়কে কয়েক শতাধিক ইটভাটা মালিক, শ্রমিক, ট্রাক ও ট্রলি চালকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইট তৈরির মৌসুমের শুরু থেকেই প্রশাসনের কড়াকড়ির কারণে বৈধ ইটভাটাগুলোতে মাটি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে অনেক ভাটায় ইট উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে একদিকে মালিকরা বিনিয়োগ ঝুঁকিতে পড়ছেন, অন্যদিকে হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা আরও বলেন, সরকার নির্ধারিত কর ও ভ্যাট পরিশোধ করে তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। তাই কৃষিজমির টপ সয়েল ব্যবহার না করে পতিত জমি বা বিকল্প উৎস থেকে মাটি সংগ্রহের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
তারা দ্রুত সমস্যার সমাধান করে বৈধ ইটভাটাগুলোতে মাটি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন ইটভাটা মালিকরা। মানববন্ধনে জেলার বিভিন্ন ইটভাটার মালিক, শ্রমিক, ট্রাক ও ট্রলি চালকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

