মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রল পাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ গ্রেপ্তার জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামাল হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
সকালে গোয়ালন্দ মোড় সকল ব্যবসায়ী ও এলাকাবাসির আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, করিম ফিলিং স্টেশনের কর্মী ছিলেন রিপন সাহা। গত শুক্রবার ভোর রাতে পেট্রোল পাম্পে একটি জীপগাড়ি আসে। গাড়ি থেকে নেমে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন পাম্পে দায়িত্বরত রিপন সাহাকে পাঁচ হাজার টাকার অকটেন দিতে বলেন। তেল নেওয়া শেষে টাকা পরিশোধ না করেই সুজন গাড়িতে উঠে চালককে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ দেন। টাকা নেওয়ার জন্য রিপন দৌড়ে গাড়ির কাছে গেলে তাকে চাপা দিয়েই গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। রিপন ছিলো তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ । তার হত্যাকারিদের ফাসির দাবি জানান।

