শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১২ টায় শ্রীপুর থানার মোড়ে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যু ও প্রতারক হিসেবে পরিচিত জয়নাল নামের এক ব্যক্তি শ্রীপুর মডেল থানায় মিথ্যা মামলা নং–২২ দায়ের করে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সুজন মন্ডলকে হয়রানি করছেন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপত্তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হলে তা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
তারা অবিলম্বে সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে সকল ধরনের হয়রানি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

