নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট:
সঙ্গীর পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরার সুযোগ তো থাকছেই সারা বছর। ভ্যালেন্টাইনস ডে-তে বরং অন্যরকম কিছু হোক। লালের বদলে কোন রঙ বাছবেন, সেদিকে নজর দেওয়া উচিত। প্রেমের রঙ লাল– এমনটিই বোধহয় বিশ্বের ৯০ শতাংশ মানুষ বিশ্বাস করেন। তাই ভ্যালেন্টাইনস ডের পোশাক হোক কিংবা অ্যাক্সেসারিজ, গোলাপ হোক কিংবা চকোলেটের বাক্স— লাল রঙই সবক্ষেত্রে অগ্রগণ্য। কিন্তু ২০২৬ সালে এসে দাঁড়িয়ে সেই ‘লাল ইশকে’র বাঁধাগত কি খানিক ভেঙে ফেলা যায় না? কী বলেন জেন-জি যুগের প্রেমিক-প্রেমিকারা? কেমন সাজলে আজকের ভ্যালেন্টাইনস ডে হয়ে উঠবে স্মরণীয়, ভিড়ের মাঝেও সঙ্গীর চোখ থাকবে আপনার দিকেই, সেই টিপস রইল।
ভুলে যান লাল
লাল-গোলাপি কিংবা মেরুন ছেড়ে এক্কেবারে অন্য কিছু! সাদা-কালো-ধূসর তো রইলই সারা বছরের জন্য। বরং প্রেমদিবসে সেজে উঠুন পাউডার ব্লু, বেবি পিংক অথবা অলিভ গ্রিনে। তালিকায় থাকতে পারে সিলভার, গোল্ডেন কিংবা নিওন শেডের রঙও!
বোরিং ম্যাচিংয়ে
ম্যাচিংয়ের বদলে পরতে পারেন কনট্রাস্ট। অর্থাৎ সে সাদা পরলে আপনি কালো। সে সবুজ পরলে আপনি বেইজ। সে পার্পল পরলে আপনি বেবি পিংক। শর্ট ড্রেস নয়, ভ্যালেন্টাইনসে বরং বেছে নিতে পারেন আপনি জাম্পস্যুট, কো-অর্ডস্ অথবা টপ-স্কার্ট। ছেলেদের ক্ষেত্রে লুকে থাকুক ক্যাজুয়াল টাচ। প্যাস্টেল শেডের টিশার্টের ওপর চাপিয়ে নেওয়া চলে ডিপ কালারের ব্লেজার।
অ্যাক্সেসারিজ
হিল পরলে একটু পর থেকেই গোড়ালি ব্যথায় নাজেহাল। আঙুলের মাঝে ফোসকা পড়তেও সময় লাগে না। ফলস্বরূপ খুঁড়িয়ে হাঁটাচলা! এই প্রেমদিবসে বরং সেসব চিন্তা ছেড়ে বেছে নিন স্নিকার কিংবা ফ্ল্যাট জুতা। মনে রাখবেন, সাময়িক ফটোশুটের চাইতে অনেক বেশি জরুরি দীর্ঘমেয়াদি কমফোর্ট।
আর পোশাকের সঙ্গে মানানসই অ্যাক্সেসারিজই কিন্তু আপনাকে করে তুলতে পারে সন্ধ্যার সেরা জুটি! হারদুল, চশমার ফ্রেম, বেল্ট, ব্যাগ, জুতা– পোশাকের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সঠিক সঙ্গত বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাক্সেসারিজ যদি ম্যাচ না করে, তবে পোশাকের ভাবেই নষ্ট!
শাড়ি-পাঞ্জাবিতে বাড়ুক শোভা
চলতি ট্রেন্ড যাই হোক না কেন, বাঙালির প্রেমপর্বে শাড়ি-পাঞ্জাবির জুটি কিন্তু ‘ওজি’ বলা চলে! হ্যান্ডলুম শাড়ির সঙ্গে অক্সিডাইসড সিলভার জুয়েলারি অথবা পিওর সিল্কের সঙ্গে মুক্তার মালা। উল্টোদিকের মানুষটিও রঙ মিলিয়ে পরতে পারেন একরঙা পাঞ্জাবি, সঙ্গে শীত বুঝে হালকা শাল। ভ্যালেন্টাইনসের সন্ধ্যা হোক কিংবা দিন— স্পটলাইটের সময়টা যেন আপনাদের জুড়েই থাকে।


