বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে রাজনৈতিক দল নিজেদের সংগঠনই সামলাতে পারে না, তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর নিরীহ মানুষকে নানা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে, এতে সাধারণ মানুষের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে।
শুক্রবার সকালে পাতারহাট আরসি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি বলেন, নারীর সম্মান ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। তার বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, তবে তাদের দল ক্ষমতায় এলে আইনের বাইরে কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না। সব নাগরিকের জন্য সমান বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে এবং চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ থাকবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেন তিনি।
দলের ওপর অতীতে দমন-পীড়নের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, তাদের কার্যালয় বন্ধ, নিবন্ধন বাতিল ও কর্মীদের গ্রেপ্তারসহ নানা চাপের মুখেও দল মানুষের পাশে থেকেছে। দুর্যোগের সময় সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।
ভোটের বিষয়ে তিনি বলেন, নির্ধারিত তারিখে গণভোট ও প্রতীকে ভোট—দুই ধাপেই অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সুযোগ পেলে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের চেষ্টা করবে জামায়াতে ইসলামী বলেও জানান তিনি।

