সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ি থেকে নির্বিষ ঘরগিন্নি সাপ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১১টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের পুরান বাজারে মাস্টার সুজিত সেনের বাসায় সাপটি দেখা যায়। বিষয়টি জানতে পেরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল,সঞ্জিত দেব এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা বাসার গেইটের ভেতরে একটি স্থানে সাপটিকে শনাক্ত করেন। নিরাপদভাবে উদ্ধার করার পর সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
স্বপন দেব সজল জানান,উদ্ধার হওয়া ঘরগিন্নি সাপ সম্পূর্ণ নির্বিষ। এদের কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। বরং বাড়ির আশপাশে ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত এরা মানুষকে কামড়ায় না,তবে ভীত হলে আক্রমণাত্মক আচরণ করতে পারে।
পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ বলেন, ঘরগিন্নি সাপ (Common Wolf Snake, বৈজ্ঞানিক নাম: Lycodon aulicus) সাধারণত মানুষের বসতবাড়ির আশপাশে,ঘরের কোণে বা আসবাবপত্রের নিচে বসবাস করে। কালচে রঙের এই চিকন সাপটির গায়ে সাদা বা হালকা হলুদাভ আংটির মতো দাগ থাকে। এরা মূলত টিকটিকি,ছোট ব্যাঙ ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।
তিনি আরও জানান,দেখতে অনেকটা বিষধর কালাচ সাপের মতো হওয়ায় অনেকেই ভুলবশত এদের বিষধর মনে করে মেরে ফেলেন। তবে ঘরগিন্নি সাপ সম্পূর্ণ নিরীহ। ঘরের পরিবেশ পরিষ্কার ও শুকনো রাখলে এ ধরনের সাপের উপস্থিতি অনেকটাই কমে যায়।

