সাভার প্রতিনিধি:
সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকায় পূর্ব বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে আইয়ুব খান নামে এক হোটেল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহাদাৎ নামে অপরপক্ষেরও একজন আহত হয়েছেন। পরে উভয় পক্ষই সাভার মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ নামাগেন্ডা এলাকার বাসিন্দা আইয়ুব খান দীর্ঘদিন ধরে ‘ভাই ভাই খাবার হোটেল’ পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি তার হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার শাহাদাৎ হোসেন, সাকিব, মকবেলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে শরীরের বিভিন্ন স্থানে আহত করে। একপর্যায়ে তার পরিহিত শার্ট ছিঁড়ে ফেলে এবং শার্টের বুক পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আইয়ুব খানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে শাহাদাৎ ও তার ভাই সাকিব এলাকায় চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা বিভিন্ন আদর্শবান নেতাদের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে সাকিব ম্যাজিস্ট্রেটের কাছে চাঁদা দাবি করার ঘটনায় জেলেও গিয়েছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সম্প্রতি মো. আমিন খান নতুন একটি গ্যারেজ চালু করার উদ্যোগ নিলে শাহাদাৎ ও তার সহযোগীরা উদ্বোধনের আগেই দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা আমিন খানের বাবার হোটেলে গিয়ে তার বৃদ্ধ বাবাকে মারধর করে এবং টাকা দাবি করে বলে অভিযোগ রয়েছে।
তবে এ ঘটনায় সাকিব খান বাদী হয়ে সাভার মডেল থানায় পাল্টা অভিযোগ দিয়েছেন। সেখানে বলা হয়েছে, প্রতিবেশী গার্মেন্টস কর্মী রিয়া মনিকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করা থেকে ঘটনার সূত্রপাত। এর প্রতিবাদ করায় শাহাদাৎ হোসেনকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে দাবি করা হয়েছে। তিনিও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সময় এলাকাবাসী প্রতিবাদ জানালে শাহাদাৎ ও তার কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও শাহাদাৎকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে তাকে উত্তম-মধ্যম দেওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে। তবে পরে ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে নাটক সাজিয়ে পাল্টা অভিযোগ করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

