বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হকের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান এবং ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করাতে বাধ্য করেন। অভিযোগ অস্বীকার করায় ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মিথিলা। পরবর্তীতে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানায়। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, ‘আজ সকালে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো।’

