ঈদযাত্রার কারণে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বেড়েছে, তবে দীর্ঘস্থায়ী যানজট দেখা যায়নি। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সেতু পার হওয়া যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সেতু এলাকায় কিছু এলাকায় গাড়ির চাপ থাকায় অনেক যাত্রী বিকল্প হিসেবে খোলা ট্রাকে যাত্রা করছেন। বুধবার (১৮ মার্চ) সকালে পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে যাত্রীদের ২০০ টাকা ভাড়ায় ট্রাকে করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গেছে।
ভোর থেকেই সেতু এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। টোল প্লাজায় সাময়িক জটলা তৈরি হলেও তা দ্রুত কেটে গেছে। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন জানিয়েছেন, যানবাহনের চাপ থাকলেও কোথাও স্থায়ী যানজট নেই। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৮,৫৫৭টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।
ঈদের আগে যাত্রীচাপ আরও বাড়ার সম্ভাবনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

