সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা বাগানের বালিশিরা মেডিকেলে রবিবার (১২ এপ্রিল) ভায়া ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই উদ্যোগে শতাধিক নারী-পুরুষ রোগী সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাধারণ চিকিৎসা সেবা নেন ৩১ জন রোগী,গর্ভবতী মা সেবা নেন ১২ জন এবং জরায়ুমুখের ক্যানসার শনাক্তকরণে ভায়া স্ক্রিনিং করা হয় ৯৪ জন নারীর।
চিকিৎসা সেবার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। বিশেষ করে আসন্ন হাম ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া গর্ভবতী নারীদের হাসপাতালে গিয়ে নিরাপদ প্রসবের জন্য উৎসাহ দেওয়া হয় এবং গর্ভাবস্থায় দেখা দিতে পারে এমন গুরুত্বপূর্ণ পাঁচটি বিপদ সংকেত সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
ক্যাম্পটির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম। তিনি বলেন,এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্ক্রিনিং ও সচেতনতা বৃদ্ধি পেলে অনেক জটিল রোগ আগেভাগেই শনাক্ত করা সম্ভব হয় এবং মাতৃ ও শিশু মৃত্যুঝুঁকি কমানো যায়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শুভাশিষ দেবনাথ, ডেন্টাল সার্জন ডা. নুসরাত,ফিনলে হাসপাতালের ডা. সাঈম ও ডা. লাবণি। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. হাসান।
স্থানীয়দের মতে,চা-বাগান এলাকায় এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে মানুষের জন্য চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে এবং প্রাথমিক পর্যায়েই বিভিন্ন রোগ শনাক্ত করা সম্ভব হবে।

